শাজাহানপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২টি বসত বাড়ি পুরে ছাই
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের গন্ডগ্রাম পূর্বপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২টি সেমি পাকা বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফলে ৪টি পরিবারের ১০ জন সদস্য রয়েছেন খোলা আকাশের নিচে। গত রোববার দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানিয়েছেন, গন্ডগ্রাম পূর্বপাড়ার আবুল কালাম আজাদ এবং তার শ্যালক আনোয়ার হোসেনের বসত বাড়িতে রোববার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সংবাদ পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত আবুল কালাম আজাদ জানিয়েছেন, তার সেমি পাকা টিনসেড বাড়িতে মোট ১১টি কক্ষ ছিল। তাতে তার পরিবার এবং আরও ৩ জন ভাড়াটিয়া ছিলেন। আগুনে তার সবগুলো কক্ষ এবং কক্ষে থাকা আসবাবপত্র, কাপড় চোপর, তৈজসপত্র, খাদ্য সামগ্রি পুড়ে গেছে। এতে তার অন্তত: ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে তার শ্যালক আনোয়ার হোসেনের ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়িটিও পুরে ছাই হয়ে গেছে। এতে তার অন্তত: ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফলে ৪টি পরিবারের ১০ জন সদস্য খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এছাড়া খাবারের জন্য প্রতিবেশিদের উপর নির্ভর করতে হচ্ছে। তাই তাদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে।

Post a Comment