বগুড়ার শিবগঞ্জে বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজি দরের ১৩ বস্তা চাল চুরি করে বিক্রির প্রতিবাদ করায় মহিলা সদস্য, সাংবাদিকসহ ৩জন প্রহৃত, চেয়ারম্যান ও ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিশেষ প্রতিবেদন: করোনা ভাইরাস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজি দরের ১৩ বস্তা চাল চুরি করে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনা বেগম এ ঘটনার প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান এস এম রুপম ও চেয়ারম্যানের সহোদর ভাই ডিলার মশিউর রহমান ওই মহিলা সদস্যকে মারপিট করে রক্তাক্ত করেন। এসময় স্থানীয় সংবাদ কর্মী শাজাহান আলী ছবি তুলতে এলে তাকেও মারপিটসহ হত্যার চেষ্টা করা হয়। চেয়ারম্যান ও তার ভাই যখন মহিলা সদস্য ও সাংবাদিককে মারপিট করতে থাকেন এসময় তাদের রক্ষা করতে একজন সিএনজি চালক এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। আহত তিনজনই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় সাংবাদিক শাজাহান আলী বাদী হয়ে চেয়ারম্যান এসএম রুপম, ডিলার মশিউর রহমানসহ চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যান এসএম রুপম মহিলা সদস্যসহ তিনজনকে মারপিট করার ঘটনা অস্বীকার করলেও লাঞ্ছিত করার ঘটনা স্বীকার করে বলেছেন, করোনা ভাইরাস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া দুস্থদের মাঝে ১০ টাকা দরে চাল যথানিয়মে বিক্রি করা হচ্ছিল কিন্তু মহিলা সদস্য শাহানা বেগম ও সাংবাদিক শাজাহান এসে তাদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে হট্টগোল করার চেষ্টা করলে তাদের নিবৃত করা হয়। শিবগঞ্জ থানার ওসি মো: মিজানুর রহমান জানান, শাজাহান আলীর একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। তিনি বলেন, চাল বিতরনে কোন অনিয়ম হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমত ব্যবস্থা নেয়া হবে
Post a Comment